বৃষ্টির দিনে ড্রেসিংরুমে বন্দী বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাইস্টচার্চ টেস্ট
ক্রাইস্টচার্চ টেস্ট

একটু পরপর হই হই চিত্কার ভেসে আসছে ভেতর থেকে। বাইরে থেকে যে কারও মনে হতো, হ্যাগলি ওভালে দুর্দান্ত কোনো খেলা হচ্ছে। সেটা দেখেই অমন উল্লাস দর্শকদের।
আসলে তা নয়। খেলা দূরের কথা, হ্যাগলি ওভালের মাঠ তখন প্রায় জনমানবশূন্য। আগের রাত থেকে ঝরতে থাকা ঝিরিঝিরি বৃষ্টিতে জবুথবু পুরো ক্রাইস্টচার্চ শহরই। যেখানে খেলা হওয়ার কথা, সেই উইকেট আর তার আশপাশ ঢাকা পড়ে আছে কাভারের নিচে। ফাঁকা পড়ে আছে ছবির মতো এলিয়ে থাকা ঘাসের গ্যালারি।
কিন্তু গ্যালারি ফাঁকা হলে হই হই চিত্কারটা কোত্থেকে আসছে! সেটা আসছিল বাংলাদেশ দলের ড্রেসিংরুম থেকে আর সেই চিৎকারটা করছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাই।
আগের দিন বৃষ্টির কারণে ১৯ ওভার কম খেলা হয়েছে বলে কাল ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা এগিয়ে আনা হয়েছিল আধঘণ্টা। খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ১০টায়। কিন্তু পরশু বিকেলে শুরু বৃষ্টি সারা রাত হয়ে কাল সকালেও থামেনি। আবহাওয়ার পূর্বাভাস সত্যি প্রমাণ করে কাল সারা দিনই বৃষ্টিতে ভিজল ক্রাইস্টচার্চ। হ্যাগলি ওভালে হলো না একটা বলও। বিকেল চারটায় আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করলেন দিনের খেলা।

খেলা হওয়ার সম্ভাবনা কম জেনেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুগত ছাত্রের মতো সকালবেলাতেই স্টেডিয়ামে হাজির। কিন্তু তখন কে জানত, টেস্ট চলাকালে ড্রেসিংরুমের দরজাটা ‘ওয়ান ওয়ে’! একবার ভেতরে ঢুকলে সেটি ছেড়ে চলে যাওয়া যাবে না দিনের খেলার সমাপ্তি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত।

বৃষ্টিতে পুরো দিন বা অর্ধেক দিনও খেলা না হওয়ার সম্ভাবনা থাকলে দলগুলো সাধারণত সকালে মাঠে আসে না। এলেও খোঁজখবর নিয়ে খেলা শুরুর সম্ভাব্য সময় বুঝে আসে। বাংলাদেশও এর বাইরে ছিল না কখনো। কিন্তু কাল ব্যতিক্রম হলো ওয়েলিংটন টেস্টের অভিজ্ঞতার কারণে। তৃতীয় দিন সকাল থেকে বৃষ্টি হওয়ায় সময়মতো খেলা শুরু হবে না, এমন বার্তাই পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। সে জন্যই মাঠে একটু দেরি করে যাওয়ার পরিকল্পনা ছিল সেদিন। কিন্তু হঠাৎই মাঠ থেকে খবর আসে খেলা সময়মতো শুরু হচ্ছে। তড়িঘড়ি করে বাংলাদেশ দল যখন বেসিন রিজার্ভে পৌঁছে, তখন খেলা শুরুর সব আয়োজন সম্পন্ন।

সেই অভিজ্ঞতা থেকেই কাল আর কোনো ঝুঁকি নিতে চায়নি দল। নিউজিল্যান্ড দল থেকে শুরু করে টেলিভিশন ধারাভাষ্যকাররাও যেখানে বৃষ্টির দিনটা উপভোগ করেছেন হোটেলে আয়েশ করে, সেখানে বাংলাদেশ দল কি না সারা দিনের জন্য ড্রেসিংরুমে স্বেচ্ছাবন্দী হয়ে থাকল! বৃষ্টিতে খেলা হওয়ার সম্ভাবনা কম জানার পর অবশ্য হোটেলে ফিরে যেতে চেয়েছিল দল। কিন্তু ওই যে, টেস্ট চলাকালে ড্রেসিংরুমের পথটা ‘ওয়ান ওয়ে’। বাংলাদেশ দলের ইচ্ছার কথা শুনে ম্যাচ অফিশিয়ালরা জানিয়ে দিলেন, একবার মাঠে এসে পড়লে দিনের খেলার সমাপ্তি ঘোষণার আগ পর্যন্ত আর মাঠ ছাড়া যায় না। এটাই নিয়ম।

অবশ্য ড্রেসিংরুমে যে খেলোয়াড়দের সময় খুব বেশি খারাপ কাটেনি, সেটা তাঁদের হইহল্লার শব্দেই বোঝা গেছে। আড্ডা, মজার অভিজ্ঞতা বিনিময়, কথার খুনসুটি আর নিজেদের আবিষ্কৃত ছোটখাটো ইনডোর গেমস খেলে দিব্যি পার হয়ে গেছে দিনটা। বৃষ্টিবিলাসে অপূর্ণতা থেকেছে শুধু ইলিশ-খিচুড়ির। বিকেলে মাঠ ছাড়ার আগে নুরুল হাসান কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। তেমন কোনো কথা নয় অবশ্য। বৃষ্টির দিনে ড্রেসিংরুমে বসে সবাই কী করলেন, বাকি দুই দিনে টেস্টটা কোন দিকে যেতে পারে, বাংলাদেশ দলের পরিকল্পনাই বা কী ইত্যাদি।

নুরুল হাসান জানালেন, বৃষ্টিতে একটা দিন ভেসে গেলেও শেষ দুই দিনে ইতিবাচক ক্রিকেট খেলারই ইচ্ছা দলের। প্রাথমিক লক্ষ্য ড্র। বৃষ্টির কথা না ভেবে মাঠের খেলায় বেশি মনোযোগ দেবে দল। চেষ্টা থাকবে এই টেস্ট থেকেও ভালো কিছু বের করে আনার।

একটা দিন বৃষ্টিতে ধুয়ে গেলেও প্রথম দুই দিনে যা খেলা হয়েছে, তাতেই এই টেস্টে ফলাফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সেটা বাংলাদেশের দিকে আনতে চতুর্থ দিনের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ক্রাইস্টচার্চে আজ বৃষ্টি কম, রোদ বেশি থাকবে। তবে কাল সারা দিনের বৃষ্টির পর শুরুর দিকে উইকেটে পেসারদের জন্য সাহায্য থাকার কথা। রুবেল-তাসকিন-কামরুলরা সেই সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের লেজটা কত তাড়াতাড়ি গুটিয়ে দিতে পারেন, তার ওপরই নির্ভর করছে টেস্টটা কোন দিকে যাবে।